স্বাধীনবাংলা রির্পোট: স্বাধীনবাংলা রির্পোট:

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ১২:৪৮ এএম

অনলাইন সংস্করণ

#

৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফশিল ঘোষণা করবে ইসি

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে এবং খুব শিগগিরই তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তফশিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রয়োজন হলে ভোটগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে। ইসি মাছউদ আরও জানান, একজনের বেশি বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কেবল একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তিনি বলেন, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। নির্বাচন কমিশন প্রথমে ভোটার তালিকা চূড়ান্ত করবে, এরপর নির্বাচনের তফশিল প্রকাশ করবে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


স্বাধীনবাংলা.নেট