প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬ , ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর এখন বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। প্রকল্পটির প্রথম ইউনিটকে পরবর্তী ধাপ ‘বি-টু’তে নেওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের বি-ওয়ান ধাপের বেশিরভাগ কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা এবং যন্ত্রপাতির কার্যকারিতাও পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও সমাধান করা হয়েছে।
বি-টু ধাপে প্রবেশের পর পারমাণবিক চুল্লিকে প্রাথমিকভাবে চালুর জন্য প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে ‘ক্রিটিক্যালিটি’ বা নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন তৈরির প্রক্রিয়া। এ সময় চুল্লির শক্তি ধীরে ধীরে বাড়িয়ে নির্ধারিত নিরাপদ মাত্রায় নিয়ে যাওয়া হবে।
প্রকল্প কর্মকর্তারা বলছেন, চুল্লির শক্তি পর্যায়ক্রমে বাড়ানোর পর নির্ধারিত সক্ষমতায় পৌঁছালে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ, বি-টু অনুমোদন পাওয়ার পর রূপপুরের প্রথম ইউনিট বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানিয়েছেন, বি-টু ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
এদিকে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। প্রকল্প এলাকা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য আটটি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এসব লাইনের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাশিয়ার সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।
এখন
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ। সেই অনুমোদন মিললেই বি-টু ধাপের
কার্যক্রম শুরু করে বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে যাবে প্রথম ইউনিট।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10