প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ , ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের শহরাঞ্চলে পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে প্রতিটি জেলা ও সিটি করপোরেশনের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর ও নগরগুলোতে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। একই ধরনের পরিস্থিতি দেশের অন্যান্য বড় শহরেও তৈরি হয়েছে। ফলে নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের পাশাপাশি পরিবেশবান্ধব এবং পরিকল্পিত নগর গড়ে তোলা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তিনি বলেন, সবার জন্য বাসযোগ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্যও মর্যাদাপূর্ণ ও নিরাপদ আবাসনের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। সরকারপ্রধান আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য পরিকল্পিত নগরায়ণের ভিত্তি হিসেবে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১১ নম্বর লক্ষ্য অর্জনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান
শেষে প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস-২০২৬-এর কর্মসূচির সফলতা
কামনা করেন এবং আবাসন মেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
জাকারিয়া তাহের সুমন, পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10