প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ , ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও উদ্ধার ও সহায়তামূলক কার্যক্রমে অংশ নেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানার ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি ও অন্যান্য শিল্পসামগ্রী থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এ কারণে আগুন পুরোপুরি নেভাতে দীর্ঘ সময় লাগতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10