স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ১১:৩৮ এএম

অনলাইন সংস্করণ

#

রানা প্লাজার হাজার প্রাণহানির মামলায় ১৩ বছরেও নেই চূড়ান্ত রায়

২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৫ জন শ্রমিক, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও তরুণ কর্মী। ঘটনার দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া।

তদন্ত শেষে ২০১৫ সালে ভবন মালিকসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হলেও বিভিন্ন আইনি জটিলতা, আসামিপক্ষের উচ্চ আদালতে আপিল এবং সাক্ষ্যগ্রহণে বিলম্বের কারণে মামলাটি বারবার থমকে গেছে।

এ পর্যন্ত মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া এখনো অনেকটাই অসম্পূর্ণ রয়ে গেছে। এমনকি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি শেষ করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

রাষ্ট্রপক্ষ বলছে, অনেক সাক্ষী ক্ষতিপূরণ পাওয়ার পর আগ্রহ হারিয়ে ফেলায় আদালতে হাজির করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করছে, অভিযুক্তরা নির্দোষ এবং দীর্ঘসূত্রতার কারণে বিচার প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও, তা আদৌ সম্পন্ন হবে কি নাতা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এক যুগ পেরিয়েও ন্যায়বিচার না পাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোতে ক্ষোভ ও হতাশা বাড়ছে।


এসবিএন / এউরি