প্রকাশিত: ২৩ মে ২০২৬ , ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রশাসনের জাতীয় গোয়েন্দা বিভাগের
পরিচালক তুলসি গ্যাবার্ড আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম
এক্সে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের
ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পরিবারের পাশে সময় দিতে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গ্যাবার্ড। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবারের পাশে থাকাই তাঁর প্রধান অগ্রাধিকার। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে
গ্যাবার্ড পারিবারিক কারণ উল্লেখ করলেও ওয়াশিংটনের একাধিক সূত্র দাবি করেছে, ট্রাম্প
প্রশাসনের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণেই তাঁকে কার্যত সরে যেতে হয়েছে। বিশেষ
করে ভেনিজুয়েলা, ইরান ও কিউবা ইস্যুতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে তাঁর অনুপস্থিতি
প্রশাসনের ভেতরের অস্বস্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল।
ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিপরীতে গ্যাবার্ড তুলনামূলক নরম অবস্থান নিয়েছিলেন বলেও আলোচনা ছিল। এ নিয়ে অতীতে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং ট্রাম্প। ১৬ মাসের দায়িত্বকালে গ্যাবার্ডের কয়েকটি সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে কয়েক ডজন বর্তমান ও সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘটনায় গোয়েন্দা অঙ্গনে সমালোচনা শুরু হয়। এছাড়া জন এফ কেনেডি হত্যাকাণ্ডের নথি প্রকাশ, কোভিডের উৎস অনুসন্ধান এবং নির্বাচনী যন্ত্রের নিরাপত্তা তদন্ত নিয়েও প্রশাসনের ভেতরে মতবিরোধ তৈরি হয়েছিল।
সাবেক
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন গ্যাবার্ড ২০২০ সালে দল
ত্যাগ করে ট্রাম্পকে সমর্থন দেন। তাঁর পদত্যাগের পর সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ
ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার গোয়েন্দা বিভাগের অতিরিক্ত রাজনৈতিকীকরণের সমালোচনা
করেন। অন্যদিকে রিপাবলিকান সিনেটর এরিক স্মিট গ্যাবার্ডের কাজের প্রশংসা করে তাঁর বিদায়ে
দুঃখ প্রকাশ করেছেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10