স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:৫১ এএম

অনলাইন সংস্করণ

#

ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারে না বলল ইউএই, কূটনৈতিক সমাধানের আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আবুধাবিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় ইউএই তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংযম ও সংলাপই একমাত্র পথ। তবে সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার ইউএইর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তেহরানে ইউএই দূতাবাস বন্ধ ও রাষ্ট্রদূত প্রত্যাহারের কথাও জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাসের আল হুমাইদি বলেন, সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং আকাশপথের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত আছে।

এদিকে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তুক জানান, চার থেকে ছয় মাসের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জরুরি পণ্যের কৌশলগত মজুত রয়েছে। বাজারে যাতে অস্থিরতা না তৈরি হয়, সে জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশত্যাগে ইচ্ছুকদের সুবিধার্থে প্রতিদিন প্রায় ৮০টি ফ্লাইট পরিচালনার কথাও জানানো হয়। সরকারি বার্তায় বলা হয়েছে, ইউএইজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রয়েছে এবং সব জরুরি সেবা সচল আছে। সূত্র: জিও নিউজ


এসবিএন