স্বাধীনবাংলা, সাইদুল ইসলাম রনি স্বাধীনবাংলা, সাইদুল ইসলাম রনি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০০ পিএম

অনলাইন সংস্করণ

#

পৃথিবীর কাছে তুলে ধরবো পর্যটক স্থান হিসাবে ধাধার চরকে—সালাহ উদ্দিন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের মোহনায় গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান ধাঁধার চর। প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ২৫০ একর আয়তনের এই চরটি দূর থেকে দেখতে বিশাল নৌকার মতো। চারদিকে নদীবেষ্টিত সবুজ প্রান্তর, ফসলের মাঠ আর ঢেউয়ের মনোমুগ্ধকর দৃশ্য একে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

তারাগঞ্জ, রানীগঞ্জ, লাখপুর ও চরসিন্দুর গ্রামের মাঝামাঝি অবস্থান হওয়ায় অনেকে একে ‘মাঝের চর’ বলেও চেনেন। বর্ষাকালে নদীর উত্তাল ঢেউ দেখে অনেকেই একে ‘মিনি কক্সবাজার’ বা ছোট সেন্টমার্টিন বলে অভিহিত করেন। শীতকালে চরটি হয়ে ওঠে আরও সবুজ ও শান্ত—পিকনিক ও ঘুরে দেখার জন্য আদর্শ সময়।

ঐতিহাসিকভাবে জানা যায়, উনিশ শতকের শুরুতে ব্রিটিশ শাসনামলে চরের জরিপ করে কৃষকদের মালিকানা দেওয়া হয়। দেশ বিভাগের পর মালিকানায় পরিবর্তন এলেও বর্তমানে স্থানীয় কৃষকেরাই জমি চাষাবাদ করছেন। উর্বর মাটির কারণে এখানে আলুসহ বিভিন্ন ফসল ভালো জন্মায়।

তবে অব্যবস্থাপনা, ভূমিদস্যুদের মাটি কাটা ও পরিবেশ দূষণের কারণে চরটির প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে। স্থানীয়দের দাবি, সরকারি নজরদারি ও সংরক্ষণ উদ্যোগ নেওয়া হলে ধাঁধার চর নদীকেন্দ্রিক পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এসবিএন