স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ১২:৩৯ এএম

অনলাইন সংস্করণ

#

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল

 পা  কিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ২৩ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো এক আসরে একাধিক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেই বিপর্যয় সামলে অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি দলকে এগিয়ে নেন।

নিগার ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, আর সোবহানা যোগ করেন ২২ রান। শেষদিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৩ রান। স্বর্ণা মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন। জবাবে ১২৪ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান শুরুতে ভালো অবস্থানে ছিল। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। তবে বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে টাইগ্রেসদের হাতে। নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। শেষ পর্যন্ত পাকিস্তান ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায়। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার। এই জয় বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য হয়ে থাকল আরেকটি স্মরণীয় অধ্যায়।