স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ’ বলায় এনা সাহাকে প্রসেনজিতের পরামর্শ

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এনা সাহার একটি ছোট্ট মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। বাংলা ভাষায় কথা বলার প্রসঙ্গে এনার প্রতি প্রসেনজিতের দেওয়া পরামর্শের ভিডিওটি ছড়িয়ে পড়েছে অনলাইনে।

কয়েক বছর আগে নির্মাণের পর নানা জটিলতায় আটকে থাকা ‘ডাক্তার কাকু’ সিনেমাটি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পাভেল পরিচালিত সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, এনা সাহা ও রজতাভ দত্ত। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি।সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন এনা সাহা। পাশাপাশি ছবিতে প্রসেনজিতের সহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বয়সে ছোট সহকর্মীদের প্রতি প্রসেনজিতের স্নেহশীল আচরণের পাশাপাশি প্রয়োজন হলে ভুল ধরিয়ে দেওয়ার বিষয়টিও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

সম্প্রতি সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে একটি হল পরিদর্শনে যান প্রসেনজিৎ ও এনা। সেখানে দর্শকদের সঙ্গে কথা বলার সময় এনা ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ’ বললে পাশে থাকা প্রসেনজিৎ তাকে তাৎক্ষণিকভাবে বাংলায় কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলা সিনেমার প্রচারে বাংলা ভাষাতেই কথা বলা উচিত।প্রসেনজিতের কথায় বিষয়টি সহজভাবেই নেন এনা। নিজের ভুল মেনে নিয়ে তিনি মজা করে বলেন, ‘সরি, থ্যাঙ্ক ইউ নয়—অনেক ধন্যবাদ।’

ভিডিওটির এই সংক্ষিপ্ত মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রসেনজিতের বক্তব্যের প্রশংসা করছেন। বাংলা সিনেমার প্রচারে বাংলা ভাষার ব্যবহার নিয়ে তার এই মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের একটি অংশ। স্বাধীনবাংলা . নেট