স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কক্সবাজার থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়।তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম VolcanoDiscovery জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর কম্পনের মধ্যে পড়ে।

এর আগে ৩ ফেব্রুয়ারি ভোরে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় কম্পনের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ তিনটি প্রধান টেকটোনিক প্লেট—ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভারতীয় প্লেট প্রতিবছর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্য প্লেটগুলোর নিচে প্রবেশ করছে। এর ফলে ভূগর্ভে শক্তি সঞ্চিত হয় এবং হঠাৎ নির্গত হলে ভূমিকম্প সৃষ্টি হয়। এছাড়া ডাউকি, বগুড়া, ত্রিপুরা ও আসামসহ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের উপস্থিতিও ঝুঁকি বাড়ায়। দেশের নরম ব-দ্বীপীয় মাটি ও অপরিকল্পিত নগরায়ন বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দেয়।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে যদি প্রস্তুতি যথাযথ না থাকে।


এসবিএন