স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ , ০৮:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, প্রযুক্তিনির্ভর স্টার্টআপে সরকারি সহায়তার ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপভিত্তিক উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি জানান।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতা মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬ এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলার দেওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

তিনি বলেন, এ ধরনের সাফল্য শুধু দেশের সম্মানই বৃদ্ধি করে না, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকেও আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবট প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি এর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারি সহায়তার কথাও জানান।

শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষা শেষে তারা প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন উদ্ভাবন নিয়ে এগিয়ে যেতে আগ্রহী। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাদের উৎসাহিত করেন এবং সরকারি সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় শিল্পখাতের বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাতে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬ -এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ দল বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।


স্বাধীনবাংলা.নেট