স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৩:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

#

সততা, মেধা ও দক্ষতায় জনপ্রশাসনে পদায়ন-বদলি: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশের জনপ্রশাসন ব্যবস্থায় সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, প্রশাসনের প্রতিটি পদায়ন ও বদলি হবে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের যেকোনো অঞ্চলে দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত থাকতে হবে। প্রশাসনের প্রতিটি দায়িত্ব জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্তএমন মনোভাব নিয়েই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় যেমন পরিবর্তন আসে, তেমনি প্রশাসনিক পদও স্থায়ী নয়। তাই দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে প্রশাসনের মূল চ্যালেঞ্জ।

তিনি দারিদ্র্য, বেকারত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। একইসঙ্গে তিনি বিদ্যুৎ সাশ্রয়, বাজার ব্যবস্থাপনা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, প্রশাসনে মেধা ও সততার ভিত্তিতে পদায়নের এই বার্তা ভবিষ্যতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং সরকারি সেবায় জনগণের আস্থা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

এসবিএন