স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ০১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

#

সব প্রতিবন্ধকতা পেরিয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

দেশের অগ্রযাত্রায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারের খাত হিসেবে গড়ে তুলে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী **ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট**-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিংসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম শুরু হয়েছে। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এই শিল্পের বিকাশ কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি একটি জাতীয় সমন্বিত উদ্যোগ।

তিনি আরও জানান, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে সরকার চলতি বাজেটে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়কে উৎসাহিত করতে নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উদ্ভাবক ও উদ্যোক্তাদের সহায়তায় বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানও বরাদ্দ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে দেশ-বিদেশের নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন।

দুই দিনের এ আয়োজনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস বক্তব্য রাখবেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও সামিটে অংশগ্রহণ করবেন। সামিটের সঙ্গে সমান্তরালে অনুষ্ঠিত হচ্ছে **বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬। সেখানে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।


স্বাধীনবাংলা.নেট