প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ , ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার মতো কোনো অভিযোগ সরকারের হাতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধানপ্রদত্ত বিশেষ সাংবিধানিক সুরক্ষার আওতায় ছিলেন। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করার সুযোগ ছিল না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর যে কেউ অভিযোগ উত্থাপন করতে পারেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ সরকার পর্যালোচনা করেছে। কিন্তু এখন পর্যন্ত তদন্ত বা আইনগত পদক্ষেপ নেওয়ার মতো কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে বিভিন্ন দাবি থাকলেও সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। যারা অভিযোগ করছেন, প্রমাণ উপস্থাপনের দায়িত্ব তাদেরই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। নির্ধারিত সময় পর্যন্ত তার নিরাপত্তায় এসএসএফ, পিজিআর এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
এ সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সংযুক্ত আরব আমিরাতের চাওয়া অতিরিক্ত তথ্য ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10