স্বাধীনবাংলা, মুন্সিগঞ্জ স্বাধীনবাংলা, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ০৯:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

রাতের আঁধারে টর্চলাইটে হামলা—টঙ্গীবাড়িতে সংঘর্ষে উত্তেজনা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অবৈধ বালু ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার এলাকার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে টর্চলাইটের আলো ব্যবহার করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। আতঙ্ক সৃষ্টি করতে এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং তারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। কিছু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

এসবিএন