স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

অ্যামোনিয়া না থাকায় বন্ধ উৎপাদন, সারের বাজারে অস্থিরতার আশঙ্কা

কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার রাত আটটার দিকে কারখানাটির সব কার্যক্রম স্থগিত করা হয়।

কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিএপি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রধান কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সাধারণত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করা হয়। কিন্তু গ্যাস সংকটের কারণে এই দুই কারখানাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এর ফলে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিইউএফএল কাফকো পুনরায় চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত ডিএপি কারখানা চালু করা সম্ভব নয়। উল্লেখ্য, বিসিআইসির তত্ত্বাবধানে পরিচালিত এই কারখানাটি দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ টন হলেও সাম্প্রতিক সময়ে ৬০০-৭০০ টন সার উৎপাদন হচ্ছিল।

বিশেষজ্ঞদের মতে, ভরা মৌসুমে ডিএপি সার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মাঝে উদ্বেগ বাড়ছে। যদি দ্রুত কাঁচামালের সংকট দূর না হয়, তাহলে দেশের সারের বাজারে ঘাটতি দেখা দিতে পারে, যা সরাসরি কৃষি উৎপাদনে প্রভাব ফেলতে পারে।


এসবিএন / এউরি