স্বাধীনবাংলা, নরসিংদী স্বাধীনবাংলা, নরসিংদী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নরসিংদীতে বিচার চাওয়ার জেরে কিশোরী হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

নরসিংদীর মাধবদী এলাকায় ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা পুলিশ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে; অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেঁচানো ছিল বলে জানায় পুলিশ।

পরিবারের অভিযোগ, কিছুদিন আগে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়। বুধবার রাতে বাবার সঙ্গে যাওয়ার পথে মেয়েটিকে ছিনিয়ে নেওয়া হয়। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসবিএন