স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০২ এএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে, ভোটারদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে টাঙ্গাইলে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ অভিযোগ তুলে ধরে সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে তারেক রহমান বলেন, ভোটের আগ মুহূর্তে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের মা-বোনদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অনৈতিক তৎপরতা থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আগামী সময়কে দেশ গড়ার রাজনীতির সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই তাদের ভোটাধিকার হরণ করতে পারবে না। এ সময় তিনি টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। টাঙ্গাইল জেলার শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শাড়ি শিল্পের রপ্তানি সম্প্রসারণ, পাট ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন এবং যমুনা নদীতে ব্যারেজ নির্মাণসহ নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।