স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ০১:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান, একরাতে আটক ৬২৪

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান চালানো হয়।কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানার আওতাধীন যেসব এলাকায় কিশোরদের বখাটেপনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিদের পূর্বের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর কথাও জানিয়েছে জেলা পুলিশ।সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরপরই জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হলো।

এদিকে অভিযানের সময় দাউদকান্দি থানায় আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন একটি কক্ষের দরজা ভেঙে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, পরে স্থানীয় লোকজন তাদের ধরে আবার থানায় নিয়ে আসে।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের ভাষ্য, একই কক্ষে ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ হয়ে যাওয়ায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে বিপুলসংখ্যক মানুষকে থানায় আনা হলে তাদের স্বজন ও সাধারণ মানুষও থানায় ভিড় করেন। এ সময় সৃষ্ট হট্টগোলের সুযোগেই ওই ব্যক্তিরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানান তিনি। 

স্বাধীনবাংলা . নেট