স্বাধীনবাংলা, কিশোরগঞ্জ প্রতিনিধি স্বাধীনবাংলা, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ , ০১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

হোসেনপুরে মেয়াদ শেষের আগেই পচা কেক, জব্দ করে ধ্বংস

কিশোরগঞ্জের হোসেনপুরে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না পেরোলেও আকিজ গ্রুপের ভ্যানিলা কেক পচা দুর্গন্ধযুক্ত অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১০ পিস কেক জব্দ করে ধ্বংস করেছে। একই সঙ্গে উপজেলার দোকানগুলো থেকে ওই কেক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২৪ আগস্ট রাতে হোসেনপুর উপজেলা পোস্ট অফিসের সামনে সজিব ভ্যারাইটিস স্টোর থেকে ১০০ টাকা দিয়ে এক পাউন্ড ওজনের একটি ভ্যানিলা কেক কেনেন এক ক্রেতা। প্যাকেটের গায়ে উৎপাদিত পণ্যের মেয়াদ ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উল্লেখ ছিল। কিন্তু পরদিন কেকের প্যাকেট খোলার পর ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে তিনি দোকানে গিয়ে বিষয়টি জানান। পরে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। খবর পেয়ে উপজেলা স্যানিটারি অফিসার নাহিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে কেকের নমুনা পরীক্ষা করেন। একই ব্যাচের আরও কয়েকটি কেক পরীক্ষা করেও একই ধরনের দুর্গন্ধ পাওয়া যায়।

অভিযানের সময় ডিলারের গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। পরে স্থানীয়দের উপস্থিতিতে নষ্ট কেকগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে হোসেনপুরের দোকানগুলো থেকে সংশ্লিষ্ট কেক সরিয়ে নিতে হবে। নির্দেশ অমান্য করে কোনো দোকানে এসব পণ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ভোক্তা অধিকার নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।


স্বাধীনবাংলা.নেট