প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
শহীদ
শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও নিরপেক্ষ তদন্তের
দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল
৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নিহত
হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যরা অংশ নেন।
রাত
পৌনে ৯টা পর্যন্ত আন্দোলন চলাকালে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত
তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আন্দোলনস্থল থেকে তারা স্পষ্ট করে বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের বিচারের
নিশ্চয়তা না মিললে আন্দোলনের
পরিসর আরও বিস্তৃত করা হবে।
ইনকিলাব
মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ
করেন, হত্যাকাণ্ডের তদন্তে সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো একাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যার বিচার
প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।
তিনি
আরও বলেন, যাদের ত্যাগের মাধ্যমে দেশে রাজনৈতিক কার্যক্রম সম্ভব হয়েছে, সেই হত্যাকাণ্ডে সরকার ও রাজনৈতিক দলগুলোর
নীরবতা হতাশাজনক। দ্রুত বিচার নিশ্চিত না হলে সাধারণ
জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
ডাকসু
নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ বিভিন্ন সময় সরকার ও প্রশাসনকে সহযোগিতা
করলেও হাদি হত্যার বিচার প্রশ্নে সবাই পিছিয়ে যাচ্ছে। তিনি এ ঘটনায় জাতিসংঘের
তত্ত্বাবধানে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।
তিনি
আরও সতর্ক করে বলেন, দাবি উপেক্ষা করা হলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে যমুনার সামনে আরও বড় অবস্থান কর্মসূচি
দেওয়া হবে এবং এর দায় সম্পূর্ণভাবে
সরকারের ওপর বর্তাবে।
এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক আপডেটে দাবি করা হয়, অবস্থানকারীদের চারপাশে শত শত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে বলা হয়, লাঠিসোঁটা নিয়ে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাহিনী। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তে হস্তান্তর না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10