স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬ , ০৯:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং সামলানোই পথ: বিদ্যুৎমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং নিয়ন্ত্রণ ও পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া আপাতত বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিপিডির আয়োজনে জ্বালানি সংকট নিয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এফএসআরইউতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। কাজ শেষ হওয়ার পর নতুন বয়লার চালুর জন্য পুরো সিস্টেম প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হতে পারে। এতে সাময়িকভাবে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে ভোলা থেকে কনটেইনার ট্রাকে গ্যাস পরিবহনের জন্য ৩০টি ট্রাক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।


স্বাধীনবাংলা.নেট / এখলাছ