স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১২:০৪ এএম

অনলাইন সংস্করণ

#

ঈদের শুভেচ্ছা বার্তার জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমূলক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের উন্নয়ন ভাবনা উভয় দেশের মানুষের কল্যাণের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

ঈদ উপলক্ষে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বহনকারী ঈদুল আজহা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যৌথ ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং উন্নয়ন ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। চিঠির শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।