প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম
বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ জোরদার করতে গিয়ে দীর্ঘদিনের পরিচিত টু-ডি
অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সফটওয়্যার জায়ান্ট
অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর ব্যবহার
করা যাবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) অ্যাডোবির সাপোর্ট ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ব্যবহারকারীদের ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে এন্টারপ্রাইজ বা করপোরেট গ্রাহকদের জন্য কিছুটা বাড়তি সুবিধা রাখা হয়েছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সহায়তা মিলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
অ্যাডোবির
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অসংখ্য ব্যবহারকারী।
অনেকের মতে, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ ও সহজ টু-ডি অ্যানিমেশন সফটওয়্যারের কার্যকর
বিকল্প এখনো বাজারে আসেনি। কেউ কেউ সফটওয়্যারটিকে ওপেন সোর্স করার দাবিও তুলেছেন।
এক
প্রশ্নোত্তর বিবৃতিতে অ্যাডোবি জানিয়েছে, ২৫ বছরেরও বেশি সময় ধরে অ্যানিমেশন জগতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছে অ্যাডোবি অ্যানিমেট। তবে প্রযুক্তির ধরণ ও ব্যবহারকারীর চাহিদা বদলে
যাওয়ায় নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতির দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। সেই বাস্তবতার আলোকে
সফটওয়্যারটির সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের
মতে, বর্তমানে অ্যাডোবির মূল ফোকাস এআই-নির্ভর সৃজনশীল টুলে। সেই কৌশলের সঙ্গে অ্যানিমেট
আর সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যাডোবি অ্যানিমেটের সরাসরি কোনো বিকল্প
সফটওয়্যারও সুপারিশ করেনি।
তবে
ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকদের জন্য বিকল্প হিসেবে কিছু অ্যাপের কথা উল্লেখ করা হয়েছে।
জটিল কী-ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে আফটার ইফেক্টসের পাপেট টুল এবং সাধারণ অ্যানিমেশনের
জন্য অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এর
আগেও অ্যানিমেট বন্ধের ইঙ্গিত মিলেছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে সফটওয়্যারটি
নিয়ে তেমন আলোচনা হয়নি, এমনকি ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।
অ্যাডোবি
জানিয়েছে, যাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইতোমধ্যে ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার
চালিয়ে যেতে পারবেন। উল্লেখ্য, অ্যাডোবি অ্যানিমেটের মাসিক সাবস্ক্রিপশন মূল্য ছিল
৩৪.৪৯ ডলার, আর বার্ষিক চুক্তিতে তা কমে ২২.৯৯ ডলার হতো।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10