স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

দুই মাসেও তেলের সংকট নয়! মজুত আতঙ্কই বাজারে অস্থিরতা—জ্বালানি মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ থাকলেও আগামী দুই মাসে কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কৃষিখাতের জন্য প্রয়োজনীয় ডিজেলের কোনো ঘাটতি নেই। তিনি জানান, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার টন, অকটেন ৩১ হাজার টনের বেশি এবং পেট্রোল ১৮ হাজার টনেরও বেশি। এছাড়া ফার্নেস ওয়েলের মজুতও উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। জ্বালানি বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে সরকার জোরদার নজরদারি চালাচ্ছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১৬টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা করা হয়েছে এবং ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল। যার মধ্যে রয়েছে ৩ লাখ লিটারের বেশি ডিজেল, প্রায় ৪০ হাজার লিটার অকটেন এবং উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল ও ফার্নেস ওয়েল।

মুখপাত্র আরও বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আংশিকভাবে চালু রয়েছে এবং আগামী মে মাসের শুরুতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে বেশি সমস্যা তৈরি করছে অতিরিক্ত মজুত করার প্রবণতা। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এখনই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং জনগণের স্বার্থ বিবেচনায় বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।


এসবিএন / এউরি