প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলা নববর্ষের আনন্দঘন পরিবেশে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়মনসিংহের তারাকান্দায়। বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে ঘিরে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নববর্ষ উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নিতে আসেন সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ ও বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার।
স্থানীয়দের দাবি, অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় এমপির সমর্থকদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজন আহত হন। সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, তিনি প্রতিপক্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে জানান, এটি সামান্য ভুল বোঝাবুঝি ছিল এবং তিনি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছেন।
ঘটনার বিষয়ে তারাকান্দা থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয় এবং পরে নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়। ঘটনার প্রতিবাদে বিকেলে স্থানীয় একটি জোট বিক্ষোভ মিছিল করে। এতে অংশ নিয়ে নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
বৈশাখের মতো ঐতিহ্যবাহী উৎসবে এমন রাজনৈতিক উত্তেজনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এসবিএন / ময়মনসিংহ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10