স্বাধীনবাংলা, ডেস্ক রিপোর্ট : স্বাধীনবাংলা, ডেস্ক রিপোর্ট :

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ , ১২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

#

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১১ জেলায় বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

  দে   শের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে অন্তত ১১টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন রংপুর ও সিলেট বিভাগে এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 বিশেষজ্ঞদের আশঙ্কা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পস্থায়ী বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকার কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে কিছু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নদীটির কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা আশপাশের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

সংশ্লিষ্ট সংস্থাগুলো নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

স্বাধীনবাংলা.নেট