স্বাধীনবাংলা, ঝিনাইদহ স্বাধীনবাংলা, ঝিনাইদহ

প্রকাশিত: ২২ মে ২০২৬ , ০৭:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

ভাইকে সেইফ করেন চিৎকারে কাঁপল এলাকা, হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে হামলার মুহূর্ত, আতঙ্কিত চিৎকার এবং এক যুবকের হাতে অস্ত্রসদৃশ বস্তু দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও হট্টগোল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খলার মধ্যে এক যুবক পকেট থেকে অস্ত্রসদৃশ বস্তু বের করেন। ঠিক তখনই পাশে থাকা আরেক ব্যক্তি দ্রুত তার হাত চেপে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সময় চারপাশ থেকে “ভাইকে সেইফ করেন বলে আতঙ্কিত চিৎকার শোনা যায়। ঘটনার সময় পাটওয়ারীকে ঘিরে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।

এদিকে, ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। পোস্টে দাবি করা হয়, প্রথমে ডিম ও ইট-পাটকেল ছোড়া হয়, পরে হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্টরা থানায় অবস্থান করছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এসবিএন