স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৫ এএম

অনলাইন সংস্করণ

#

লোডশেডিংয়ে স্বস্তির ইঙ্গিত: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে, যা বিদ্যুৎ সংকট অনেকটাই কমাতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদনে বড় ধরনের ঘাটতি রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। ফলে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ লোডশেডিং করতে হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মূলত গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন চালানো হলেও তা ব্যয়বহুল হওয়ায় দীর্ঘমেয়াদে এটি টেকসই নয়। তবে নতুন বিদ্যুৎ সংযোজনের ফলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষিখাতে যেন বিদ্যুতের ঘাটতি না হয়, সে বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এপ্রিলের শেষ পর্যন্ত কিছুটা ভোগান্তি থাকলেও মে মাসের শুরু থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অতিরিক্ত উৎপাদন যুক্ত হলে লোডশেডিং কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।


এসবিএন